রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর তিনি নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এতে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উচ্ছ্বসিত।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আসনটি আবার ফিরে পেল বিএনপি। ওই নির্বাচনী এলাকার বাসিন্দারা বলছেন, এই বিজয় বরিশাল অঞ্চলে বিএনপির পুনরুত্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
জহির উদ্দিন স্বপন এর আগে সংসদ সদস্য থাকা অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব কমিটিতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মন্ত্রী হিসেবে ডাক পাওয়ার পর প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’
স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য, অভিজ্ঞ এই রাজনীতিবিদের মন্ত্রিত্ব বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও দেখা হচ্ছে।